প্রতীকী ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ও বিকালে উপজেলার পৃথক দুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল খায়ের সিদ্দিকী মুরাদ জানান, সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে রাফি পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
অন্যদিকে, বিকাল ৪টার দিকে পৌর শহরের সোনা মিয়া সড়কের বাসিন্দা মো. ইদ্রিস আলীর শিশুকন্যা জামিনা ফেরদৌস জারা (২৮ মাস) খেলতে গিয়ে বাসার পুকুরে ডুবে যায়। এলাকার আরেক শিশু বিষয়টি দেখতে পেয়ে পরিবারকে জানালে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর শ্রীমঙ্গল স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ এর পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
