প্রতীকী ছবি
মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদ থেকে শুহিন সরদার (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর লঞ্চঘাট এলাকার নদীর তীর থেকে শুহিন সরদারের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক শুহিন গতকাল শুক্রবার রাতে বাড়িতে অটোরিকশা রেখে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে সে বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
