নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ইয়াসমিন খুন, আহত ১

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩৬ minutes ago

নরসিংদীর রায়পুরায় পোলট্রি ফার্মে ডেকে নিয়ে ইয়াসমিন আক্তার ওরফে সুমন (২৭) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ফার্মের শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় ছুরিকাঘাতে চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনার পর ফার্মের শ্রমিক রাসেল মোস্তাফা পলাতক রয়েছেন। রোববার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ইয়াসমিন আক্তার ওরফে সুমন ওই এলাকার মো. রবিউল্লাহর সন্তান। আহত চাঁদনী ওরফে বাবুও একই এলাকার বাসিন্দা। তার বাবার নাম মিস্টু মিয়া।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পিরিজকান্দি এলাকার জাকির হোসেনের পোলট্রি ফার্মের শ্রমিক রাসেল মোস্তাফার একটি মুঠোফোন ও মানিব্যাগ চুরি হয়। এ ঘটনায় ইয়াসমিনকে সন্দেহের দৃষ্টিতে দেখতেন তিনি। গতরাতে ওই ফার্মে ভেতর ইয়াসমিন ও চাঁদনীকে ডেকে নেন রাসেল। পরে তাদের মধ্যে পূর্বের বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই জেরে ধারালো ছুরি দিয়ে ইয়াসমিন ও চাঁদনীকে উপর্যুপরি আঘাত করে রাসেল। তখন তাদের চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সুমন। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াসমিন। ছুরিকাঘাতে আহত চাঁদনীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পোলট্রি ফার্মের মালিক জাকির হোসেন জানান, খবর পেয়ে রাতেই ফার্মে যাই। সেখানে গিয়ে দেখি চৌকির ওপর একটি লাশ পড়ে আছে। ঘটনার পর থেকে শ্রমিক রাসেল উধাও।

তিনি বলেন, আগে একবার কাজ করার সুবাধে মাঝখানে বিরতি নিয়ে আবারও তার ফার্মে চাকরি নেন রাসেল। কাজ দেওয়ার সময় ওই শ্রমিকের এনআইডি জমা নেননি। এ কারণে ঠিকানাও জানেন না বলে জানান তিনি।

আহত চাঁদনীর বরাত দিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, গতরাতে ইয়াসমিন ও চাঁদনী পোলট্রি ফার্মের সামনে অবস্থান করছিলেন। ওই সময় ফার্মের শ্রমিক রাসেলের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উত্তেজিত রাসেল তাদের দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইয়াসমিনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ছুরিকাঘাতে নিহত ইয়াসমিনের লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন এ হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত শ্রমিক রাসেলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

  • আহত
  • খুন
  • তৃতীয় লিঙ্গ
  • নরসিংদী