কঙ্গোতে ইবোলা রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ minutes ago

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস। সোমবার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

টেড্রোস আধানম গেব্রেয়াসুস জানান, ডিআর কঙ্গোতে ইবোলা মোকাবিলায় নজরদারি কার্যক্রম জোরদার করার পর এখন পর্যন্ত ৯শ’র বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০১ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। তবে তিনি মৃতের সংখ্যা সম্পর্কে কোনো নতুন তথ্য দেননি।

ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরে তরল পদার্থের সংস্পর্শে ছড়িয়ে পড়ে। এ রোগে তীব্র রক্তক্ষরণ ও বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যেতে পারে।

গত ১৫ মে ডিআর কঙ্গো সরকার দেশটিতে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করে। এবারের সংক্রমণ ‘বুন্ডিবুগিও’ ধরনের ভাইরাস থেকে ছড়িয়েছে বলে জানা গেছে, যার কোনো অনুমোদিত টিকা বা কার্যকর চিকিৎসা নেই।

২৩ মে শনিবার প্রকাশিত এক হালনাগাদ তথ্যে ডিআর কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মধ্য আফ্রিকার এই দেশটির তিনটি প্রদেশে ৮৬৭টি সন্দেহভাজন ইবোলা সংক্রমণের ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে।

গত অর্ধশতকে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা ভাইরাসে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

  • ইবোলা
  • কঙ্গো
  • ডব্লিউএইচও
  • রোগী