প্রতীকী ছবি
ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বুধবার (২৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী যাত্রীবাহী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ওই এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হয় আরও একজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনা নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
