প্রতীকী ছবি
চট্টগ্রামের ফয়’স লেক এলাকার রয়েল পার্ক নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সোনিয়া ও রিপন নামের ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
সোনিয়ার বাসা আগ্রাবাদের ডেবারপাড় এলাকায়। অপরদিকে রিপনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি চট্টগ্রামের নদীরহাটে থাকতেন। নগরীর আসকার দীঘিরপাড় এলাকায় ব্যবসা করতেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার বারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
পুলিশ জানায়, রোববার বিকেল ৩টায় স্বামী-স্ত্রী পরিচয়ে রয়েল পার্ক হোটেলে উঠেন রিপন ও সোনিয়া। সোমবার সকালে হোটেলের কক্ষ পরিষ্কারের জন্য একজন কর্মচারী ওই কক্ষে যায়। দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে তিনি বৈদ্যুতিক পাখার সাথে রিপনকে ঝুলন্ত অবস্থায় এবং সেনিয়াকে বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় সোনিয়ার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা দুইজনের মরদেহ উদ্ধার করেন। পুলিশ বিষয়টিকে পারিবারিক কলহের জেরে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে।
সোনিয়ার স্বজনেরা বলছেন, রনির সাথে কিছুদিন আগে বিয়ে হয় সোনিয়ার। এটি ছিল তাদের দুইজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের অভিযোগ, প্রথম স্ত্রীর প্ররোচনায় তারা দুইজনে মৃত্যুর পথ বেছে নিয়েছে। তারা এ ঘটনার নেপথ্যের লোকদের বিচারের দাবি জানান।
