কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। রবিবার রাত ১২টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে ওই ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) ও প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল (৩৭)।
জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাসিন্দা দম্পতি রবিবার রাত ৯টায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা যোগে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। রাত ১০টায় অটোরিকশাটি মাদারপুর গ্রামের পার্শ্ববর্তী কামারখোলা গ্রামে আসার পর ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা অটোরিকশাটি ঠেলে রওয়ানা করে। এসময় মোটরসাইকেল যোগ তিনজন যুবক এসে তাদের পথরোধ করে।
ভুক্তভোগীর স্বামী জানান, মোটরসাইকেল যোগে তারা তিনজন এসেই আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। তারা ফোন করে আরও ২ জনকে আনে। তাদের মধ্যে কয়েকজন আমার স্ত্রীকে টেনে হিঁচড়ে মাঠের একটি ভুট্টাখেতে নিয়ে যায়। একজন আমাকে আরও দূরে নিয়ে রাতের অন্ধকারে ছেড়ে দেয়। এসময় আমি পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে।
ভুক্তভোগী নারী জানান, আমাকে তারা ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ শুরু করে। আমি তাদের পায়ে ধরেছি, চিৎকার করে কান্না করেছি। কিন্তু কেউ আসেনি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সংঘবদ্ধ ওই চক্রের সাথে পাঁচজন জড়িত। তাদের মধ্যে ২ জন সরাসরি ধর্ষণ করে, বাকিরাও অপেক্ষমাণ ছিল। আমরা ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
