সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি। রোববার সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের (চেম্বার আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচার কার্যক্রমের নির্দেশনা দেওয়া হয়েছিল।
