কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী।

জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি অটোরিকশা যাত্রী নিয়ে চলছিল। এ সময় দ্রুতগতির শাহ আলী নামক একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরও একজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, নিহত তিনজনই দিনমজুর এবং তাদের বাড়ি রংপুর অঞ্চলে হতে পারে। তারা কাজের উদ্দেশে এ এলাকায় এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

  • কুমিল্লা
  • নিহত
  • বাসচাপা