হবিগঞ্জের মাধবপুরে আন্দিউড়া এলাকায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন। এদিকে রাজশাহীর মোহনপুরে খাড়ইল মিলঘর এলাকায় মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।
হবিগঞ্জের মাধবপুরে বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন অটোরকিশার চালক আক্কাস মিয়া (৪০) এবং যাত্রী মনোয়ারা বেগম (৭০)।
স্থানীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক আক্কাস মিয়া নিহত হন।
এ সময় অটোরিকশায় থাকা এক নারী যাত্রীসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী মনোয়ারার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা মধ্যে একজন মো. মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত কর্মকর্তা ছিলেন। নিহত আরেক জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাড়ইল মিলঘর এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কর্মরত কর্মকর্তা মো. মারুফ হোসেন ।
এদিকে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিহত মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, দুর্ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
