নড়াইলে পানিতে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নড়াইলে পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। এরা হলো নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় দিনমজুর মাজেদুল শেখের পাঁচ বছর বয়সী ছেলে আবুবক্কার ও দুই বছরের শিশুপুত্র ওমর ফারুক। এছাড়া অপরজন হলো নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর এলাকার বাপ্পী শেখের দেড় বছর বয়সী শিশুপত্র আব্দুর রহমান।

পুলিশ, হাসপাতাল ও স্বজনদের সুত্রে জানাগেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদ শেখের দুই শিশুপুত্র বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। শিশু দুটির পিতা মাজেদ শেখ সকালে খাওয়া দাওয়া করে কাজে ব্যস্ত ছিলেন। শিশু দুটির মা ঘরে বিশ্রামকালে ঘুমিয়ে পড়েন। এসময় শিশু দুটি খেলা করতে করতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। ঘুম থেকে উঠে তাদের মা ঘরে সন্তানদের না দেখে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এসময় স্থানীয়ভাবে তাদের পেট থেকে পানি বের করার চেষ্টা করা হয়। পরে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিশুর দুটিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর এলাকায় পানিতে ডুবে আব্দুর রহমান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের গর্তে পড়ে যান। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে খোঁজাখুজির এক পর্যায়ে গর্তে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত মোটর সাইকেলযোগে শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী জানান, সকাল সোয়া ১১টার দিকে প্রথমে দুটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। শিশু দুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। বেলা ২টার দিকে আরো একটি শিশুকে নিয়ে আসা হয়। সেই শিশুটিও হাসপাতালে আসার বেশ আগেই মারা যায়। তিন শিশু পানিতে ডুবে মারা গেছে বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

  • নড়াইল
  • পানি
  • মৃত্যু
  • শিশু