প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে জেসমিন ওরফে কারিমা (৮) এবং ইসরাত খাতুন ওরফে বুড়ি (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। নিহত জেসমিন বাখর আলী টিকলির চর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। ইসরাত চাকপাড়া গ্রামের মৃত কাজলের মেয়ে। এদিকে, সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে পরিবারের অজান্তে তিন শিশু পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানা জেসমিন ও ইসরাত পানিতে ডুবে গেলে তাদের সঙ্গে থাকা মাহিন (৬) বাড়িতে খবর দেয়। স্বজন ও স্থানীয়রা তখন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৩টার দিকে জেসমিনের এবং বিকেল সাড়ে ৪টার দিকে ইসরাতের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আব্দুর রাজ্জাক বলেন, দুই শিশু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পুলিশ ও নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।
এদিকে, সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো, নিজ চাউরা পশ্চিম গ্রামের সুহেল আহমদের ৪ বছরের মেয়ে আনিসা বেগম এবং ভাগনি ৫ বছরের ফারিয়া। ফারিয়া পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার দাসের গ্রামের সাদিক আহমদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে আনিসা ও ফারিয়া বাড়ির আঙিনায় খেলতে যায়। পরিবারের সদস্যরা অনেকক্ষণ ধরে তাদের খুঁজে না পেয়ে একপর্যায়ে বাড়ির পুকুরে তল্লাশি চালায়। সেখান থেকেই দুই শিশুকে উদ্ধার করা হয়। এরপর কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে দুই শিশুর লাশ থানায় নেওয়া হলে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। ফারিয়া মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে লাশ দাফনও করা হয়েছে।
