ভুট্টাখেত থেকে ৭ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

লালমনিরহাটের আদিতমারীতে ভুট্টাখেতের মাটি খুঁড়ে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে নন্দিনী নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিংসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরদিন সকালেও পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই স্থানে মাটি খুঁড়ে বস্তাবন্দী অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

  • বস্তাবন্দি
  • লালমনিরহাট
  • লাশ
  • শিশু