রংপুরে হাতুড়ি দিয়ে দোকানের কর্মচারীকে পিটিয়ে হত্যা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় দোকানের কর্মচারী শাওনকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দোকান মালিকের ছেলের বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে পেটানোর পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শতশত মানুষ জড়ো হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায় আমির হোসেনের (৫০) ভাজাপোড়ার দোকানে কাজ করছিলেন কর্মচারী শাওন। এ সময় দোকান মালিক আমির হোসেনের ছেলে মনু মিয়ার (৩০) সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয় দোকানের কর্মচারী শাওন মিয়ার। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে মনু মিয়া দোকানে থাকা লোহার হাতুড়ি দিয়ে শাওনের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনু মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, আটক মনু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মহানগর কোতোয়ালি থানায় মামলা করবে নিহত শাওনের পরিবার।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, এরই মধ্যে হত্যাকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হলে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পুলিশে নিয়ন্ত্রণ।

 

  • কর্মচারী
  • দোকান
  • রংপুর
  • হত্যা