প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানা এলাকায় স্বামীর হাত-পা-মুখ বেঁধে এক সন্তানের জননীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে উপজেলার পাগলা থানা এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আজ বুধবার ওই গৃহবধূর মা বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে পাগলা থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী নারীর স্বামী বলেন, একটি ঘরের দুটি কক্ষের একটিতে মা ও অন্যটিতে সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করি। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ৮ জন মুখ বাঁধা অবস্থায় ঘরে ঢুকে আমার হাত-পা-মুখ বেঁধে মারধর করে। এ সময় আমার স্ত্রী ফেরাতে গেলে দুর্বৃত্তরা তাকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যায় এবং বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে স্বজনরা টের পেয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার শিকার নারীকে ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
