জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ খ্যাত চিকিৎসক মিশু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ফাইল ছবি

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. সামির হোসেন মিশু জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (২৯ জুন) বগুড়া জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি। তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেল সুপার মো. আসাদুর রহমান।

এর আগে রোববার বগুড়া জেলা জজ আদালতে ডা. মিশুর জামিন আবেদন শুনানি হয়। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌশিক আহমেদ তার জামিন মঞ্জুর করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক সামির হোসেনের জামিনের নথি আদালত থেকে গতকাল রাত ১০টার দিকে কারাগারে পৌঁছায়। দেরি হওয়ায় গতকাল তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আজ বেলা ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে পারিবারিক অনুষ্ঠানে গেলে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা মব সৃষ্টির চেষ্টা করেন। এ সময় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে গত বছরের অক্টোবরে করা একটি মামলায় সামির হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

সামির হোসেন বগুড়া মহানগরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি। জুলাই গণ-অভ্যুত্থানের পর তাকে বাগেরহাট সরকারি মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) প্রশিক্ষক পদে বদলি করা হয়। স্থানীয়ভাবে তিনি দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত থাকায় ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত।

  • চিকিৎসক
  • জামিন
  • ডা. সামির হোসেন মিশু
  • মিশু