চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে মো. আজাদ (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে নগরের মুরাদপুর ফরেস্ট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আজাদের বাড়ি নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায়।

পুলিশ জানায়, আজাদের এক বন্ধু তাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার হাসান মোস্তফা স্বপন জানান, হাসপাতালে নিয়ে যাওয়া যুবকের দাবি, পরিত্যক্ত ওই বাড়িতে তারা তিনজন একসঙ্গে ইয়াবা সেবন করছিলেন। এ সময় একজন আজাদকে গুলি করে পালিয়ে যায়। তবে তার বক্তব্যে অসঙ্গতি থাকায় ঘটনাটি সন্দেহজনক বলে মনে করছে পুলিশ।

তিনি বলেন, যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেখানে কেউ বসবাস করেন না। আমাদের ধারণা, সেখানে নিয়মিত মাদকসেবীরা আড্ডা দেয় ও মাদক সেবন করে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালে নিয়ে আসা যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • গুলি
  • চট্টগ্রাম
  • যুবক
  • হত্যা