জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে আনিস-পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচারের অভিযোগে আনিস আলমগীর, জান্নাতুল পিয়া ও সোমা ইসলামসহ আরও ৬ জনের বিরুদ্ধেও রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরাম নামেন একটি সংগঠন এই অভিযোগ দায়ের করেন।

গতকাল শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় এ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাজিবুল আলম।

এই কর্মকর্তা জানান, সংগঠনটির সদস্য মিল্লাত হোসেনের করা অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, কলামিস্ট মোমিন মেহেদী, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, চ্যানেল আই-এর উপস্থাপিকা সোমা ইসলাম, অভিনেত্রী মারিয়া কিসপট্টা ও তুষ্টির নাম উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে জুলাই আন্দোলন এবং শহীদ ও আহতদের নিয়ে অবমাননাকর, বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন।

এর আগে, শুক্রবার অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধেও শাহবাগ থানায় একই অভিযোগ দায়ের করেন ওই সংগঠনের নেতারা।

ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা এই অভিযোগ দায়ের করেন।

  • আনিস আলমগীর
  • জান্নাতুল পিয়া
  • জিডি
  • সোমা ইসলাম