হামের টিকা না কেনায় অবহেলা: এবার ইউনূস-নূরজাহানসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

হামের টিকা না কেনা এবং যথাযথ পদক্ষেপের অভাবে ৬ শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই আবেদনটি করেন হামে আক্রান্ত হয়ে প্রাণ হারানো ৯ মাস বয়সী শিশু সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম।

আবেদনে অভিযুক্ত অপর দুজন হলেন  স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, চলতি বছরের মার্চের শুরুতে শরীয়তপুর সদর উপজেলার বাসিন্দা ৯ মাস বয়সী সাউদা মুসকান হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসায় কোনো উন্নতি না হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে হামের চিকিৎসার প্রয়োজনীয় সুব্যবস্থা ও সহযোগিতা না পেয়ে, পরবর্তীতে ২২ মার্চ শিশুটিকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালটির চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ এনে আবেদনে আরও বলা হয়, গত ২৬ মার্চ কর্তব্যরত চিকিৎসকেরা বাদীর স্ত্রীর হাতে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়ে তা শিশুর মুখে লাগাতে বলেন। কিন্তু শোকার্ত ও অনভিজ্ঞ মা সেটি সঠিকভাবে লাগাতে ব্যর্থ হলে, চিকিৎসকেরা একজন পরিচ্ছন্নতাকর্মীকে দিয়ে শিশুর মুখে অক্সিজেন মাস্কটি লাগিয়ে দেন। এর মাত্র ঘণ্টা দুয়েক পর শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে অপেক্ষমাণ রেখেছেন।

এর আগে গত ৮ জুন হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও ব্যাপক প্রাণহানির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।

মামলার আবেদনে অন্য যাদের নাম উল্লেখ করা হয় তারা হলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফর।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদনটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

  • অবহেলা
  • আবেদন
  • ইউনূস
  • টিকা
  • নূরজাহান
  • মামলা
  • হাম