‘উগ্রবাদী সংগঠনের’ সদস্য সন্দেহে গ্রেপ্তার ৬ ব্যক্তি তিন দিনের রিমান্ডে

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

উগ্রবাদী সংগঠনের’ কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ছয় যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।গতকাল রোববার (৫ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। গ্রেপ্তাররা হলেন শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত।

এর আগে, গতকাল ভোর সাড়ে ৬ টার দিকে যাত্রাবাড়ীর ‘মিনি কক্সবাজার’এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক তাদের আদালতে হাজির করেন। এরপর তিনি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান তদারকি ডিউটি করা কালে ভোর ৬ টার দিকে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ী থানার মিনি কক্সবাজার আমিন মোহাম্মদ গ্রুপের পাশে বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কয়েকজন ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য ট্রেনিং করার জন্য সমবেত হয়েছে।

এই সংবাদ পেয়ে পুলিশ সাড়ে ৬ টার দিকে ঘটনাস্থলে যায়। তাকে দেখে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা ওই স্থানে কি কারণে সমবেত হয়েছিল তার কোনো সদুত্তর দিতে পারেননি।

গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এদিকে, আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

  • উগ্রবাদী
  • গ্রেপ্তার
  • রিমান্ড
  • সংগঠন
  • সদস্য