রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
ফাইল ছবি

রাজধানীর দক্ষিণখান এলাকায় দুই বছর বয়সী এক কন্যাসন্তানকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সোমবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে শিশুটির মামা জানান, শিশুটির মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন। দুপুরে দুই বছরের ওই কন্যাসন্তানকে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে তিনি কাজের উদ্দেশ্যে বাইরে যান। এর প্রায় দুই ঘণ্টা পর কাজ শেষে বাসায় ফিরে তিনি সন্তানকে রক্তাক্ত ও ক্রন্দনরত অবস্থায় দেখতে পান।

জানা গেছে, ঘটনার সময় পাশের কক্ষের কিরন নামে ১০ বছর বয়সী এক শিশু ভুক্তভোগী শিশুটিকে কোলে নিয়ে রেখেছিল। তখন শিশুটি অনবরত কাঁদছিল।নির্যাতনের শিকার শিশুটি পরে ইশারা-ইঙ্গিতে তার মাকে জানায়, ওই ছেলেটি তার প্যান্ট খুলেছিল। এর বেশি কিছু সে গুছিয়ে বলতে পারেনি। শিশুটির মা প্রথমে ভেবেছিলেন শিশুটি হয়তো প্রস্রাব করেছে, কারণ তার প্যান্ট ভেজা ছিল। কিন্তু পরে প্যান্ট খুলতে গিয়ে তিনি দেখেন যে সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে গাইনি বিভাগে ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক আশরাফী ইয়াসমিন জানান, শিশুটিকে যৌনাঙ্গে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে তার যৌনাঙ্গে ক্ষত পাওয়া গেছে এবং ভেতরের অংশ ছিঁড়ে গেছে।

ডা. আশরাফী ইয়াসমিন আরও বলেন, ‘আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। সে কিছুটা সুস্থ হলে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ ওসিসি কর্তৃপক্ষ গ্রহণ করবে।’

  • নির্যাতনের
  • যৌন
  • রাজধানী
  • শিশু