পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএ) গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়াতে তিনি হামলার শিকার হন। নিহত ব্যক্তির নাম চন্দ্রনাথ রথ। তার বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়। চন্দ্রনাথের সঙ্গে গাড়িতে থাকা বুদ্ধদেব বেরাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে চন্দ্রনাথের গাড়ি পিছু নেন হামলাকারীরা। তারা দোহারিয়া এলাকায় চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। বিজেপির স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে বুদ্ধদেব বেরা নামে এক যুবক ছিলেন।
পশ্চিমবঙ্গে টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি। ২৯৩ আসনের মধ্যে ২০৬টি আসন জিতে নিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি; আর মাত্র ৮১টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সংগ্রেসকে। মমতা এবার নিজের ভবানীপুর আসনেও জিততে পারেননি। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে।
ভবানীপুরে শুভেন্দুর হয়ে যে দলটি কাজ করেছে, তার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চন্দ্রনাথ। একই দলে কাজ করেছেন গুলিবিদ্ধ বুদ্ধদেবও।
