ছবি: সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম ( ৮০) মারা গেছেন। স্থানীরা তাকে ‘বুবি’ নামে চিনতেন। বুধবার (৮ জুলাই) রাত ১টা ১৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৯টার দিকে পুলিশের মাধ্যমে ববি বেগমের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আনা হয়।
এরপরদুপুরে লাশ ময়না তদন্তের পর রায়পুরার মেথিকান্দা স্টেশনে পৌঁছে। পরে রাত ৯টায় জানাজা শেষে মেথিকান্দা রেল স্টেশন সংলগ্ন নূরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, রায়পুরা থানা পুলিশ ও রেল পুলিশের কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নির্মম হামলা চালায়। এসময় তাকে মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
