বাগেরহাটের চিতলমারীতে মুজাহিদ মোল্লাক (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। মুজাহিদ মোল্লা চিতলমারীর হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে বাড়ির সামনে দোকানে বসা ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ নামে এক ব্যক্তি তার দোকান থেকে জুস কিনেন। সেই জুস হাতে নিয়ে তিনি মুজাহিদকে বলেন এটা ভালো না। এ সময়ের মুজাহিদ জুসটি খেয়ে তাকে জানান এটা খারাপ না। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাইজিদের হাতে থাকা হাসুয়া দিয়ে তার গলায় কোপ দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটক করে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
