প্রতীকী ছবি
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উখিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে মোহাম্মদ ইউনুস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউনুস ওই এলাকার মির আহমদের ছেলে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বড়বিল এলাকার সীমান্তসংলগ্ন পাহাড়ে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত মোহাম্মদ ইউনুস উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামের বাসিন্দা। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
