প্রতীকী ছবি
সাতক্ষীরার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা এলাকায় নিখোঁজের তিন দিন পর আব্দুর রহমান (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে কুলপোতা এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের খালা শেফালি খাতুন জানান, আব্দুর রহমানের বয়স পাঁচ বছর থাকতেই তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। পরে তার মা অন্যত্র বিয়ে করলে আব্দুর রহমান খালার কাছেই বড় হতে থাকে।
গত বুধবার সকালে তিনি স্বামীকে নিয়ে চিকিৎসার জন্য সাতক্ষীরা শহরে যান। বাড়িতে ফিরে আব্দুর রহমানকে না পেয়ে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
