বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে মিরাজ (৭) ও আশিক (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। অপর শিশু মিরাজ একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে বের হয়। এ সময় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে ভেসে যায় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বন্যার পানির তীব্র স্রোত থেকে শিশুদের নিরাপদে রাখতে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

  • পাহাড়ি ঢল
  • বাঁশখালী
  • মৃত্যু
  • শিশু