বাংলাদেশ পুলিশ সদস্যরা আগের পোশাকেই ফিরে যেতে চান- এমনটাই ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক মতামত জরিপে। পোশাক পরিবর্তন সংক্রান্ত বিষয়ে পুলিশ সদরদপ্তর থেকে একটি চিঠির মাধ্যমে দেশের সব পুলিশ সদস্যের কাছে মতামত চাওয়া হলে বিপুলসংখ্যক সদস্য আগের ইউনিফর্মের পক্ষে মতামত দিয়েছে।
দেশে আনুমানিক পুলিশের সংখ্যা ২ লাখের বেশি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ সদস্যদের মধ্যে প্রায় ৯৬ শতাংশ আগের পুলিশের পোশাক পুনর্বহালের পক্ষে মত দিয়েছেন।
নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই ফলাফলকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণে পুরোনো পোশাকের পক্ষেই সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন পুলিশ সদস্যরা।
বুধবার (৪ মার্চ) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশের পোশাক নির্ধারণের এখতিয়ার সরকারের। বর্তমানে পুলিশের পোশাক নিয়ে যে মতামত জরিপ পরিচালনা করা হয়েছে, তা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারের কাছে উপস্থাপন করা হবে।
পরবর্তীতে সরকারই সিদ্ধান্ত নেবে কোন পোশাক পুলিশের জন্য উপযোগী ও মানানসই। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি।