প্রতীকী ছবি
রাজধানীর কারওয়ান বাজারে এক কিশোরের হাতে আরেক কিশোর খুন হয়েছে। শুক্রবার রাতে সোনারগাঁও ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পর হামলাকারী কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন পথচারীরা। নিহত ময়জুল (১৬) কারওয়ান বাজারে থাকত এবং কাগজ কুড়িয়ে তা বিক্রি করে জীবিকা চালাত।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম বলেন, রাত সাড়ে আটটার দিকে ভাঙা কাচ দিয়ে ময়জুলের ঘাড়ের পেছনে আঘাত করা হয়। এতে ময়জুল রাস্তায় লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফজলুল করিম আরও বলেন, ময়জুলকে হামলার ঘটনায় এক কিশোরকে আটক করে তেজগাঁও থানায় সোপর্দ করেছেন পথচারীরা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে তেজগাঁও থানায় হত্যা মামলা করা হবে।