বরগুনায় দিনে-দুপুরে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা, স্বর্ণালংকার ও টাকা লুট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বরগুনা সদর উপজেলায় দিনের বেলা ঘরে ঢুকে লোহার রড বা ধাতব কিছু দিয়ে পিটিয়ে এক নারীকে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার। শুক্রবার দুপুর থেকে বিকালের মধ্যে নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ বাজার সংলগ্ন গোড়াপদ্মা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাবুগঞ্জ ফাঁড়ির এসআই রিপন। নিহত গৃহবধূর নাম মমতাজ বেগম (৪৫)। তিনি ওই এলাকার কৃষক আবুল হোসেনের স্ত্রী।

আবুল হোসেন বলেন, সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে বরগুনা শহরে গিয়েছিলেন। ফিরে স্ত্রীকে না পেয়ে আশপাশে খবর নেন, পরে ঘরে ঢুকে দেখতে পান স্ত্রীর লাশ পড়ে আছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে লোহার রড বা ধাতব কোনো বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে মমতাজ বেগমকে হত্যা করে। হামলায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে থেঁতলে যায়। হত্যার পর ঘরের আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।

স্থানীয় বাসিন্দা মোস্তফা বলেন, মমতাজ বেগম একজন শান্ত স্বভাবের গৃহবধূ ছিলেন। দিনের বেলায় এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠোনো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

  • গৃহবধূ
  • বরগুনা
  • হত্যা
  • #