প্রতীকী ছবি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামের ফুলখা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাত (৪৫) ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জান্নাত। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন, সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।
