চবি: সংগৃহীত
চলমান পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চাঁদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে চাঁদপুর বাসস্ট্যান্ড মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেন।
তারা ‘দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে- আমি কে, ফার্মের মুরগি-ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম- সংগ্রাম, সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।
এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দেন।
বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় তারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং অস্বাভাবিক কঠিন প্রশ্ন থাকায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিন্ন প্রশ্নপত্রও আগের বছরের তুলনায় অনেক কঠিন ছিল বলে দাবি করেন তারা।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীরা এক ঘণ্টারও কম সময় সড়কের একপাশে অবস্থান করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাময়িক যানজট সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
