প্রতীকী ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে জাহিদ বিশ্বাস (৪২) নামের এক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামেলী পার্ক এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জাহিদ বিশ্বাস (৪২) গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানিপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। তিনি বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, জাহিদ বিশ্বাস মূলত রাতের বেলায় ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রিকশার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় কয়েকদিন কর্মহীন ছিলেন। পরে ধারদেনা করে নতুন ব্যাটারি কিনে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতভর এবং শুক্রবার দুপুর পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
শুক্রবার দুপুরে স্থানীয়রা চামেলী পার্ক এলাকার রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবিও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জাহিদ বিশ্বাসের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
