প্রতীকী ছবি
খুলনার সোনাডাঙ্গা এলাকায় হত শনিবার দুই নাতি ও নানীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো ১৩ বছরের শামীম, ৫ বছরের মুস্তাকিম এবং তাদের নানী বেবী বেগম।
নিহত দুই শিশুর মা মেরী বেগম ও তাদের মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী রফিকুল রহমানের সঙ্গে একই বাসায় থাকতেন নিহত শামীম, মুস্তাকিম ও তাদের নানী বেবী বেগম।
জানা যায়, খুলনার সোনাডাঙ্গা এলাকার দারুল আমান মহল্লার মসজিদ রোড এলাকায় এস এম শরিফুল ইসলামের বাড়ীতে ভাড়ায় থাকত পুরো পরিবারটি।
শনিবার দুপুরে নিহত দুই শিশুর মা ও তাদের নানী নিহত বেবী বেগমের বোনেরা এসে তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরে তালা দেখে ৯৯৯-এ ফোন দেয়। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রুমের তালা ভেঙে প্রথমে খাটের তলা থেকে বেবী বেগমের লাশ, ট্রাঙ্কের ভেতর থেকে শামীমের এবং ওয়্যারড্রপ থেকে মুস্তাকিনের লাশ উদ্ধার করে।
নিহত দুই শিশুর পিতা ও মেরী বেগমের প্রথম পক্ষের স্বামী মাসুম ব্যাপারী জানায়, চার বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তার সন্তানেরা মায়ের সাথে নানীর বাসায় থাকত। ঈদের দিনও তিনি সন্তানদের জন্য গোস্ত দিয়ে গেছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার তদন্তে নিহত দুই শিশুর মা মেরী বেগমকে সাথে নিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে।
