বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল ১৫০ ডলার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩৭ minutes ago

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এর সরাসরি প্রভাবে ইউরোপ ও এশিয়ার  শোধনাগারগুলোতে কিছু নির্দিষ্ট মানের অপরিশোধিত তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বর্তমানে বাজারে প্রতি ব্যারেল তেলের জন্য শোধনাগারগুলোকে ১৫০ ডলারের কাছাকাছি মূল্য পরিশোধ করতে হচ্ছে, যা ফিউচার মার্কেটের বা কাগজের দামকেও ছাড়িয়ে গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজার থেকে প্রতিদিন অন্তত ১ কোটি ২০ লাখ ব্যারেল তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা বিশ্বের মোট সরবরাহের প্রায় ১২ শতাংশ। মূলত ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকে এই বিপর্যয় শুরু হয়। সরবরাহের এ ঘাটতি মেটাতে ইউরোপ ও এশিয়ার শোধনাগারগুলোর মধ্যে এখন তেলের দখল নেওয়ার তীব্র প্রতিযোগিতা চলছে।

গত মাসে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেল প্রতি ১১৯.৫০ ডলারে উঠেছিল, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। যদিও ২০০৮ সালের ১৪৭.৫০ ডলারের ঐতিহাসিক রেকর্ড এখনও স্পর্শ করেনি, তবে বর্তমান ভৌত বাজারে তাৎক্ষণিক সরবরাহের ক্ষেত্রে সেই রেকর্ড ইতিমধ্যেই ভেঙে গেছে।

  • ডলার
  • তেল
  • দাম
  • ব্যারেল
  • যুদ্ধ
  • হরমুজ প্রণালি
  • #