প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা রেলস্টেশন এলাকায় অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন আইসক্রিম ফ্যাক্টরির গলির একটি পরিত্যক্ত ভবনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয়রা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান নূর জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে কিশোরটিকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের পেটে দুটি ও কানের নিচে একটি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া হাতের একটি আঙুল কাটা রয়েছে, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। উদ্ধার হওয়া মরদেহটি ১৫-১৬ বছর বয়সী কিশোরের বলে ধারণা করা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর হোসেন জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।