রাজধানীতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে
ফাইল ছবি

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের ভর্তি দেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. শাহীন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং তাঁদের ভাগনি হাফছা (৮)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আহত শাহীনের ভগ্নিপতি মো. জসিম জানান, শাহীন পেশায় এক দোকানের কর্মচারী। তিনি পরিবার নিয়ে ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। আজ ভোরের দিকে তারা সবাই যখন ঘুমন্ত অবস্থায় ছিল, হঠাৎ গ্যাস লাইন লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। পরে তাঁদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকা থেকে গ্যাস লাইন লিকেজে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে শাহীনের শরীরের ৫০ শতাংশ, তাঁর স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং তাঁদের ভাগনি হাফছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের সবাইকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • গ্যাস লাইন
  • দগ্ধ
  • বিস্ফোরণ
  • রাজধানী
  • লিকেজ