পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে আটক করেছে। মৃত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামের লিবিয়া প্রবাসী বাদশা প্রামাণিকের স্ত্রী আসমানী আক্তারের সঙ্গে যুবক আলিফের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সোমবার (২০ জুলাই) রাতে দুজনের মধ্যে বিয়ে সম্পর্কিত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। আজ সকালে আশপাশের বাসিন্দারা আসমানী আক্তারের ঘরে আলিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ওই যুবকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার বিস্তারিত জানতে প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • উদ্ধার
  • পাবনা
  • প্রবাসী
  • মরদেহ
  • যুবক
  • স্ত্রী