রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ । পরে সেটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিস্পোজাল দল। পুলিশ জানিয়েছে, নিষ্ক্রিয় করা বোমাটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)।
শুক্রবার রাতে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিঝিল মেট্রোস্টেশনের নিচে সড়কে একটি ছাতার ভেতরে বোমাসদৃশ বস্তু দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে এলাকাটি ঘিরে রাখেন। পরে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।

ছবি: সংগহীত
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, বোমাটি আইইডি প্রকৃতির। পরে সেটি সেখান থেকে সরিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ছাতার ভেতরে কে বা কারা বোমা রেখেছে, তাদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা পাওয়ার খবরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে ফেলে। বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন রকমের আলামত সংগ্রহের কাজ করছে। এ ঘটনায় কেউ হতাহাত হওয়ার খবর পাওয়া যায়নি।
