সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় থেকে প্রবাহিত যাদুকাটা নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে যাদুকাটা নদীর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রাম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম সালেহ আহমদ (৫৫)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইরচর গ্রামের প্রয়াত আলী আকবরের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সালেহ আহমদ পাশ্ববর্তী বিশম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের যাদুকাটার নদীর পূর্বপাড় মিয়ারচর গ্রামে সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবারসহ বাস করেন।
তারা মিয়ার ছেলে ইকরাম হোসেন জানান, গত ১১ মে তিনি কয়েকটি গরু চরাতে নদীর পাড়ে নিয়ে যান। সন্ধ্যায় গরুগুলো ফিরে আসলেও সালেহ আহমদ ফিরে আসেননি। পরিবারসহ এলাকাবাসী খোঁজাখুঁজির পর না পেয়ে বিষয়টি বিশ্বম্ভরপুর ও তাহিরপুর থানা পুলিশকে জানানো হয়েছিল।
বাদাঘাট পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম বলেন, পুলিশ যাদুকাটা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি পঁচে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
