দিনাজপুর চিরিরবন্দরে জমি-জমার জের ধরে ছেলের হাতে পিতা, ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল অনুমান ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী কাল্টাশাহ পাড়ায় ছেলে হাতে পিতা দুলু মিয়া (৬৫) ও ভাই জয়নাল আবেদীন বিষু (৩৮) খুন হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, জমিজমার জের ধরে এ জোড়া খুনের ঘটনা ঘটে। দুলু মিয়ার দুই সংসার। জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই সংসারে ঝগড়া-বিবাদ চলতে থাকে। অনেক বিচার সালিশ হয়। মঙ্গলবার সকালে দুলু মিয়া ও প্রথম সংসারের ছেলে হাবিলকে নিয়ে বাড়ির পাশে ভূট্টা ছিড়তে গেলে দ্বিতীয় সংসারের দুই ছেলে সাদেকুল ইসলাম (৩০) ও সাকিব (১৮) পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুলু মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় হাবিল পিতাকে রক্ষা করতে গেলে তাকেও আঘাত করে। তাদের আত্মচিৎকারে এলাকাবাসD দৌড়ে আসে। ঘটনাস্থলেই পিতা দুলু মিয়ার মৃত্যু হয়। ছেলে হাবিলকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শবর্তী সৈয়দপুর উপজেলার সৈয়দপুর (কুন্দল) হাসপালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে। খুনি দুই ভাই সাদেকুল ও সাকিব বর্তমানে পলাতক রয়েছে।
এ বিষয়ে ৩নং ফতেজংপুর ইউপির প্যানেল চেয়াম্যান শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। দুলু মিয়ার লাশ দেখেছি। অপর লাশ নিয়ে আসার জন্য আইনানুগ প্রক্রিয়া চলছে।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি ও খুনিদের ধরার প্রক্রিয়া চলছে।
