সোমালিয়ার উপকূলে জলদস্যুদের কবলে তেলবাহী জাহাজ, ১১ নাবিক আটকা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪৫ minutes ago
ফাইল ছবি

সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে একটি তেলবাহী জাহাজ জিম্মি হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজটিতে থাকা ১১ জন পাকিস্তানি নাবিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের জিম্মি করে রাখা হয়েছে। শনিবার জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘অনার-২৫’ নামের জাহাজটি ২১ এপ্রিল জলদস্যুদের হামলার শিকার হয় এবং পরে সেটি দখলে নেওয়া হয়।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, নাবিকদের নিরাপদ উদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন দেশটির মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। জাহাজে থাকা নাবিকদের মুক্তির জন্য সোমালিয়া সরকারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।

২০২৪ সালে একই ধরনের ঘটনায় সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ও এর ২৩ নাবিককে অপহরণ করেছিল জলদস্যুরা। পরে মুক্তিপণ দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

  • জলদস্যু
  • জাহাজ
  • তেলবাহী
  • নাবিক
  • সোমালিয়া
  • #