পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুমকি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১১ মে) কেন্দ্রীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।
বহিষ্কৃতরা হলেন দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. বশির উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মুছা ফরাজী।
এছাড়া যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এবং স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গণি।
এর আগে সোমবার সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শিক্ষক-কর্মকর্তা আহত হন। পরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
