পিরোজপুরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

পিরোজপুরের নাজিরপুরে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মিরাজ ফকিরের ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে দুই শিশু তাদের মায়ের সঙ্গে নানাবাড়ি নাজিরপুরের আমতলা গ্রামে বেড়াতে আসে। বুধবার দুপুরে বাড়ির পাশের খালে একসঙ্গে গোসল করতে নামে তারা। এক পর্যায়ে পরিবারের সদস্যরা শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে খালের ঘাটসংলগ্ন পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্নিগ্ধা মিত্র বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার সময় তাদের মধ্যে কোনো প্রাণের স্পন্দন ছিল না।

  • পানি
  • পিরোজপুর
  • মৃত্যু