লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দিবাগত গভীর রাতে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬-এসের প্রায় ১৫০ গজ ভারতের ভেতরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে যায়। ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের ভেতরে ফিরে আসেন। সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজিবি ও হাতিবান্ধা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা নিজেদের মতো নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলছি।’
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ৭৮ বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
