গাজীপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
ছবি : স্বজনদের আহাজারি

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশ থেকে আসিফ মিয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলের পাশ থেকে একটি অটোরিকশা, একটি চাকু, একটি বাটন মোবাইল ফোন, দুই জোড়া জুতা, একটি মাথার ক্যাপ, নারীদের চুলের কাঁটা ও একটি ওড়না উদ্ধার করেছে পুলিশ।

নিহত আসিফ মিয়া ওই এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। তার আট মাস বয়সী একটি সন্তান রয়েছে।

নিহতের মামা মনির হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয় আসিফ। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের জঙ্গলে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

  • গলাকাটা
  • গাজীপুর
  • মরদেহ
  • যুবক