পুরান ঢাকায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় চুরির অভিযোগ তুলে ইউসুফ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ইউসুফ কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ ১ নম্বর গলির হায়দার মিয়ার বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সেখানে বসবাস করতেন। তিনি পেশায় সুইপার।

নিহতের মা ময়না বেগম জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কয়েকজন ব্যক্তি ইউসুফকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে চকবাজারের কামালবাগে ৩০ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরের নিজ বাড়ির ভেতরে থাকা একটি পলিথিনের গোডাউনে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি সংঘবদ্ধ দল চুরির অভিযোগ তুলে তার হাত-পা বেঁধে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। পরিবারের দাবি, এ নির্যাতনের একপর্যায়ে ঘটনাস্থলেই ইউসুফের মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, আমার স্বামীকে সকালে একটি পলিথিনের গোডাউনে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর একটি সংঘবদ্ধ চক্র চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি আমার স্বামীর হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।

চকবাজার থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, কামালবাগ এলাকায় চুরির অভিযোগে ইউসুফ নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে।

 

  • অভিযোগ
  • পুরান ঢাকা
  • যুবক
  • হত্যা