চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গ্রেপ্তারেরা হলেন মো. জাহিদুল ইসলাম শিপন (২৭), জোবায়ের আলম (৩০), মো. মোর্শেদ আলম (৩০), মোমিনুল হাসান সাগর (১৯), আব্দুল মজিদ আলী (৫৪) ও মো. আমিনুল ইসলাম ওরফে সাব্বিরকে (৩০)।

পুলিশ জানায়, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছিলেন। খবর পেয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে মো. জাহিদুল ইসলাম শিপন, জোবায়ের আলম, মো. মোর্শেদ আলম ও মোমিনুল হাসান সাগরকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মজিদ আলী ও মো. আমিনুল ইসলাম ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

  • গ্রেপ্তার
  • চট্টগ্রাম
  • ঝটিকা মিছিল