ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেছে আরও একজনের রক্ত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনুর পোশাকে ডিএনএ পরীক্ষায় তিনজন পুরুষের শুক্রাণু ছাড়াও আরেকজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে। ২০১৭ সালে তিনজনের তথ্য সামনে এলেও এখন আরেকজনের তথ্য এসেছে, এটুকুই নতুনত্ব। এ নিয়ে সন্দেহভাজনের সংখ্যা চারজনে দাঁড়াল। 

মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজধানীর কল্যাণপুরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম রোববার (১৭ মে) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তরিকুল ইসলাম বলেন, ‘কয়েক মাস আগে সিআইডিতে আমি একটি চিঠি দিয়ে তনুর পোশাকে পাওয়া নমুনার বিষয়ে জানতে চেয়েছিলাম। প্রায় এক মাস আগে আমাকে জানানো হয়েছে, তিনজন পুরুষের শুক্রাণু ছাড়াও আরেকজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনায়। এ নিয়ে সন্দেহভাজনের সংখ্যা চারজনে দাঁড়াল। তবে এটি নতুন কোনো তথ্য নয়। ২০১৭ সালে তিনজনের তথ্য সামনে এলেও এখন আরেকজনের তথ্য এসেছে, এটুকুই নতুনত্ব। আমরা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। সন্দেহভাজনদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ছিলেন সোহাগী জাহান তনু। ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। দুই দফা ময়নাতদন্তে তনুর ‘মৃত্যুর সুস্পষ্ট কারণ’ উল্লেখ করা হয়নি।

  • ডিএনএ
  • তনু
  • পোশাক
  • রক্ত