এসএসসি পরীক্ষা শেষের আনন্দে ২ বন্ধুর নদীতে গোসল, পাওয়া গেল মরদেহ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে

কুষ্টিয়ার গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার দুপুর আড়াইটার দিকে শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান।

নিহতরা হল সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। দুজনই হাটশ হরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

স্বজনদের বরাতে ফায়ার সার্ভিস জানায়, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে সবশেষ জীববিদ্যা পরীক্ষা দিয়ে বের হয় দুই সহপাঠী। পরে তারা হরিপুর সংযোগ সেতু পার হয়ে গড়াই নদের বাম তীরে গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যান তারা।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

  • কুষ্টিয়া
  • গড়াই নদ
  • পরীক্ষার্থী
  • মৃত্যু